প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ২:৫৯ পিএম (ভিজিট : ১৭৮)

X
ভূমি জরিপে দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনে ইউপি সদস্যকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চান্দহর ইউপি সদস্য মো: দিন ইসলাম।
রোববার (৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইপি সদস্য দিন ইসলাম বলেন, গত ১ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন সংস্করণে (ফেসবুক পেজ ও ইউটিউব) ‘জরিপেও কোটি টাকার দূর্নীতি জনগণ জিম্মি কর্মকর্তাদের কাছে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে কোটি টাকার দুর্নীতিতে আমাকে জড়ানো হয়। উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও কাল্পনিক প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হওয়ার পর জনগণকে খুলে বলি। তারাই আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।
তিনি বলেন, স্থানীয় একটি চক্র আমার সামাজিক মর্যাদা বিনষ্ট করার হীন উদ্দেশ্যে প্রকাশিত ওই ভিডিও প্রতিবেদনে আমাকে জড়ানো হয়েছে। যা আদৌ সত্য নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মো. দিন ইসলাম আরো বলেন, সিংগাইর উপজেলার ফতেহপুর মৌজার বার্তা গ্রামের জামাল ও তার ভাইদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়। আমি জনপ্রতিনিধি হিসাবে বিরোধ নিষ্পত্তির লক্ষে ঘটনাস্থলে যাই। এ বিষয়ে দুর্নীতি কিংবা অনিয়মের চিন্তা অবান্তর। কিন্তু প্রতিবেদক এই ঘটনাকে পুঁজি করে এবং প্রকৃত ঘটনা আড়াল করে আমাকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করে। অথচ আমি এই বিষয়ে মোটেও অবগত নই। এমন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণিত প্রতিবেদনে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পত্রিকার দায়িত্বশীলতা নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চান্দহর ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি জামাল উদ্দিন ও এবি এম আব্দুল মালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দিন ইসলামকে দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে জনপ্রতিনিধিত্ব করে আসছেন। তারা সংশোধিত প্রতিবেদন প্রকাশের দাবি জানান। নইলে পত্রিকার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।