প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৪:৪৪ পিএম (ভিজিট : ১৭৭)

X
টাঙ্গাইলে নাশকতার মামলায় মাওলানা ভাসানীর নাতিসহ বিএনপি ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি’র ডাকা অবরোধ সমর্থনে রোববার সকালে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় কর্মসূচি পালন করতে গেলে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে বাসা থেকে অপর এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মাওলানা ভাসানির নাতি মাহমুদুল হক সানু, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুলল বাতেন, যুগ্ম-আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল ও টাঙ্গাইল শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ।
বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হকসহ কয়েকজন নেতা-কর্মী রোববার সকালে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সমর্থনে কর্মসূচি পালন করতে যান। এ সময় পুলিশ ৫ জনকে আটক করে টাঙ্গাইল সদর থানায় নিয়ে যায়। পরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর এলাকার বাসা থেকে বিএনপি নেতা শাহীন আকন্দকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, তাদের বিরুদ্ধে ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানা করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।