প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৫১ পিএম আপডেট: ০৯.১২.২০২৩ ৮:৫৩ পিএম (ভিজিট : ২৩৬)

X
নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া দিবসে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন মানিকগঞ্জ হ্যান্ডিক্রাফ এর স্বত্বাধিকারী আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নারী উদ্যোক্তা লাবনী আক্তার।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক রেহেনা আক্তার এই সম্মাননা পদক প্রদান করেন।
'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কর্মসূচির আওতায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়ীতাদের এমন পুরস্কারে ভূষিত করা হয়।
জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবন আদর্শ ও বর্তমান প্রজন্মের জয়ীতাদের সাফল্য গাথা তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সানোয়ারুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি, ব্র্যাক প্রকল্প কর্মকর্তা ওমর ফারুক, বেসরকারি উন্নয়ন সংস্থা পাশা'র নির্বাহী পরিচালক ফরিদ খান, বারসিক প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
উদীয়মান নারী উদ্যোক্তা লাবনী আক্তার ইতিমধ্যে জাতিসংঘের আর্থিক সহায়তা পেয়ে মানিকগঞ্জ সহ সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। অল্প সময়ে ব্যবসায়িক প্রসার, দেশীয় ঐতিহ্য সংরক্ষণ এবং নারীর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উচ্চশিক্ষিত লাবনী আক্তার মাত্র ৫/৭ বছরে দেশি-বিদেশি সুনাম করেছেন। জেলা শহরের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় প্রতিষ্ঠিত 'মানিকগঞ্জ হ্যান্ডিক্রাফ' নামক পোশাক কারখানায় উৎপাদিত দেশীয় মানসম্মত পণ্য অনলাইন ও অফলাইনে (শো-রুম) বিক্রি করা হচ্ছে। প্রতিষ্ঠানে সহস্রাধিক নারী কর্মরত আছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পর্যায়ের অন্যান্য জয়িতাগন উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।