প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৩১ পিএম (ভিজিট : ১৩৮)

X
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক ফ্রন্ট নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
রোববার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ লাইন রোড এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।
এ সময় জোটের মুখপাত্র ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব চিকিৎসক মনীষা চক্রবর্তী বলেন, ‘সংবিধানে সভা-সমাবেশ করার অধিকার থাকলেও আমাদের তা করতে দেয়া হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
কর্মসূচিতে বাধা প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক জানান, বিক্ষোভকারীরা অনুমতি না নিয়ে রাস্তা আটকে মিছিল করেছে। পুলিশ তাদের বাধা দেয়নি, কর্মসূচি সংক্ষিপ্ত করতে বলেছে।