ভূঞাপুরে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও তার সমর্থকদের উপর ভূঞাপুরে দফায় দফায় হামলার অভিযোগ

2023-12-20T18:32:31+00:00
2023-12-20T18:32:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৭৫)
X

টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও তার সমর্থকদের উপর ভূঞাপুরে দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে একজন গুরুতর আহত হয়ে প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার দারোগ আলী সুপার মার্কেটে এবং বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ও সন্ধ্যায় গোবিন্দাসী টি মোড়ে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ সহ বেশ কিছু নেতাকর্মী উপজেলার দারোগ আলী সুপার মার্কেটের দোতলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে নৌকা মার্কার সমর্থকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর ছুঁড়ে মারলে ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসের গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ও সন্ধ্যায় গোবিন্দাসী টি মোড়ে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচনী প্রচারণাকালে তার গাড়িতে ও কর্মী সমর্থকদের ওপর নৌকার সমর্থকরা হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া বলেন, এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচনী জনসংযোগের জন্য ভূঞাপুরে আসেন। তিনি আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডেল্টা লাইফ ইন্সুরেন্সের অফিসে আসেন, তখন একদল সন্ত্রাসী আমার অফিস ও এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর ছুঁড়ে মারে। এতে আমার অফিসের গ্লাস ভেঙে যায়।

ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, বিভিন্ন ভাবে আমার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্থ করা হচ্ছে। আমার এবং আমার সফর সঙ্গী ও কর্মী সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা বলেন, ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর ওপর হামলার সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী বা আওয়ামী লীগের কোনো লোকজনের সম্পৃক্ততা নেই। আমি শুনেছি, তিনি চাকরির দেয়ার নামে বিভিন্ন লোকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেয়। সেই পাওনাদাররা তাদের টাকা আদায় করার জন্য ডেল্টা লাইফ ইন্সুরেন্সের অফিসে ঢোকার চেষ্টা করে। এর সঙ্গে আমাদের আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy