পর্নসাইটে নিজের ও অন্য নারীদের ছবি পাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে উল্লেখ করেছেন। পর্নসাইটে যারা তার ও অন্য নারীদের ছবি প্রকাশ করেছে তাদের দ্রুত শনাক্ত ও শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।
সাইটে মেলোনির বোন আরিয়ানা এবং বিরোধীদলীয় নেত্রী এলি শাখলিনের ছবিও পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর ছবি পর্নসাইটে পাওয়ার পর এটির ম্যানেজাররা গতকাল বৃহস্পতিবার সাইটটি বন্ধ করে দেন। তারা জানান, ব্যবহারকারীরা সাইট সঠিকভাবে ব্যবহার না করায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধের আগে সাইটটিতে সাত লাখ সাবস্ক্রাইবার ছিল।
প্রধানমন্ত্রী জর্জিয়া ও অন্য নারীদের ছবি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এরপর সেগুলো পর্নসাইটে আপ করেছে অভিযুক্তরা। ছবিগুলোতে যৌনতা ও অশ্লীল লেখা লিখে সেগুলো ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করার চেষ্টা করেছে তারা।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, “যা হয়েছে তা নিয়ে আমি ক্ষুব্ধ। যেসব নারীর ছবি আপ করা হয়েছে এবং যারা এতে অপমানিত ও লাঞ্চিত হয়েছেন তাদের প্রতি আমার সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছি।”
জর্জিয়া মেলোনি আরও বলেন, “এটি দুঃখজনক যে, ২০২৫ সালেও কিছু মানুষ আছে যারা একজন নারীর সম্মানকে পদদলন এবং তাদের অশ্লীল অপমানকে স্বাভাবিক ও বৈধ বলে মনে করে।”