প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:০৭ পিএম (ভিজিট : ৩৭৬)

X
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে একের পর এক জটিলতা। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল।
আজ বুধবার (১ অক্টোবর) তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। তাকে অনুসরণ করে আরও ১১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের তামিম বলেন, নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি।
তামিম বলেন, ‘যখন ইসি চূড়ান্ত তালিকা দেবে, তখন সে তালিকা দেখলেই আপনারা বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট। এটা আমাদের প্রতিবাদ, এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। বাংলাদেশের ক্রিকেট এটা ডিজার্ভ করে না।’
তামিম জানান, আসন্ন নির্বাচন বিসিবির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন যারা বিসিবিতে আছেন, তারা যেভাবে ইলেকশন করছেন, সেভাবে তারা জিততেও পারেন। তবে এটা ইলেকশন হচ্ছে না। আমি একটা কথাই বলব যে, ক্রিকেট হেরে গেছে। আপনারা বলেন যে, ক্রিকেটে ফিক্সিং বন্ধ করা লাগবে। তাদের বলব, আগে আপনারা নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। এই নির্বাচন বিসিবির ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে।’
সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘মনোনয়ন প্রত্যাহার করেছি আমিসহ ১৪ থেকে ১৫ জন। প্রত্যাহার করার কারণ খুবই স্পষ্ট। মনে হয় না এটা নিয়ে আমাকে বিস্তারিত বা ব্যাখ্যা করে কিছু বলার আছে। আমি শুরু থেকেই বলে আসছি, নির্বাচনটা কীভাবে হচ্ছে বা কোনদিকে যাচ্ছে এটা সবাই এখন দেখছে।’