প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৭:১৩ পিএম (ভিজিট : ৪৫৩)
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা খান। দুই দলের লড়াইয়ের মাঝেই নতুন ‘শত্রু’ হাজির। এমনকি একাধিকবার মশার উৎপাতে খেলা বন্ধ করে স্প্রে–ও ছিটানো হলো।
এর আগে, ছেলেদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল। তিনবারই শেষ হাসি হেসেছে সূর্যকুমার যাদবের ভারত। তবে প্রতিবারই খেলার ফলাফলের চেয়ে বড় হয়ে ওঠে দুই দলের নানা বিতর্কিত কর্মকাণ্ড। এমনকি পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া ট্রফি নিতে না চাওয়ায় এখনও চ্যাম্পিয়নরা সেটি হাতে পায়নি। এরই মাঝে মেয়েদের মেগা টুর্নামেন্টে মুখোমুখি ভারত-পাকিস্তান।
২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের। স্ট্রাইকে থাকা জেমিমাহ রদ্রিগেজ কিংবা হার্লিন দেওল দুজনেই নাজেহাল হচ্ছিলেন। বাদ ছিলেন পাকিস্তানের হয়ে বোলিং প্রান্তে থাকা ক্রিকেটারসহ বাকিরা।
একপর্যায়ে স্পিনার নাশরা সান্ধুকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে ইশারা দিয়ে আনা হয় মশার স্প্রে। খেলা বন্ধ ছিল মিনিট কয়েক। ওই সময় মুনিবা আলি ও ফাতিমারা স্প্রে করতে করতে মজায় মেতে ওঠেন।
৩৪ ওভারের পর আবারও বিপত্তি। এবার পেশাদার কীটনাশক ছিটানো ব্যক্তিদের দিয়ে মাঠে স্প্রে করা হয়। ওই সময় মাঠের বাইরে অবস্থান করছিলেন দুই দলের ক্রিকেটাররা। ফলে খেলা বন্ধ রাখা হয় ১৫ মিনিটের মতো।