ঢাকার একদম নিকটবর্তী গাজীপুরের বাইপাইল এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা না পেরোতেই এ কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর।
তিনি বাংলাদেশ বুলেটিনকে বলেন, “সাভারের বাইপাইল ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি ছিল অল্পমাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৩ মাত্রার।”
এর আগে, গতকাল শুক্রবার সকালে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়। শক্তিশালী ওই ভূকম্পনে চার জেলায় দুই শিশুসহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদের মধ্যে- ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন, গাজীপুরে একজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন।