প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১০ এএম (ভিজিট : ৮০)

X
সংগৃহীত ছবি
তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ঘূর্ণিঝড় ডিটওয়াহ এর প্রভাবে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে ভারতীয় উপকূলের দিকে এগিয়ে আসা এ ঘূর্ণিঝড়ের কারণে তিন অঞ্চলের উপকূলে বৃষ্টি ও দমকা হাওয়া বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চেন্নাই বিমানবন্দরে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি রোববার সকাল নাগাদ তামিলনাডু-পুদুচেরি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। বাতাসের গতি ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, দমকা হাওয়ায় যা ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলে ৮ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যাচ্ছে।
তামিলনাডুর দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত করবে কি না তা এখনও নিশ্চিত নয়, তবে রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম হলেও কৃষিজমির ফসলের ক্ষতি হতে পারে।
স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির জেলেদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।