
দখলীকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ছত্রছায়ায় প্রায় দুই শতাধিক (মোট ১৮২ জন) ইসরায়েলি বসতি স্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, সকালে ও বিকেলে এই বসতিবাসীরা দুই দফায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক প্রথা পালন করে। একই দিনে ৭৭৮ জন বিদেশি পর্যটকেরও মসজিদ এলাকায় প্রবেশের খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, এই অনুপ্রবেশের ঘটনাগুলি ইসরায়েলের একটি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ, যার মাধ্যমে তারা পবিত্র মসজিদ প্রাঙ্গণকে 'সময় এবং স্থানভিত্তিক' ভাগে বিভক্ত করতে চাইছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পরিস্থিতি আরও উদ্বেগজনক; শুধু নভেম্বর মাসেই ৪,২৬৬ জন অবৈধ বসতি স্থাপনকারী এবং প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটক আল-আকসা চত্বরে প্রবেশ করেছে।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এই আল-আকসার ১৪৪ দুনুম এলাকাকে ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ মুসলমানদের ইবাদতের জন্য সংরক্ষিত বলে দাবি করে এবং এর ধর্মীয় মর্যাদা বজায় রাখার উপর জোর দেয়। ফিলিস্তিনিরা আল-আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে গণ্য করে। তবে ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর থেকে ইসরায়েল বারবার মরক্কো গেট ব্যবহার করে অনুপ্রবেশ বাড়াচ্ছে বলে ফিলিস্তিনিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।