প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম (ভিজিট : ১২৮)

X
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা: জান্নাতী বেগম সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সাদ সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং সংগঠনের সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।
নবনির্বাচিত সভাপতি মোছা: জান্নাতী বেগম বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠাই তার অগ্রাধিকার। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজকে আরও সক্রিয় করতে তিনি কাজ করবেন বলে জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং শিক্ষা, গবেষণা ও অর্জন দেশ-বিদেশে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদ বলেন, সংগঠনের দেওয়া দায়িত্বকে তিনি আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। দায়িত্ব পালনে স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বোধ ও মূল্যবোধ চর্চা জোরদারে ভূমিকা রাখবেন বলে জানান তিনি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আখলাকুল হাসান অনিক, কোষাধ্যক্ষ পদে ঢাকা মেইলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রইসুল আরাফাত এবং প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদে আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল হাদী সিয়াম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে শিগগিরই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হবে।