প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম আপডেট: ১৮.১২.২০২৫ ৪:৫৪ পিএম (ভিজিট : ১৫০)

X
বিয়ের দুই ঘণ্টা আগে এক তরুণী কনের সাজে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ দাবিতে বাংলাদেশের গণমাধ্যমে প্রতিবেদন, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, ফেসবুকে প্রচারিত পোস্টের পাশাপাশি একই দাবি ছড়িয়েছে ইন্সটাগ্রাম, টিকটক এবং ইউটিউবেও।
অনুসন্ধানে জানা যায়, বিয়ের দুই ঘণ্টা আগে প্রেমিকের সঙ্গে সাক্ষাতের আলোচিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতীয় একজন কনটেন্ট ক্রিয়েটরের তৈরি একটি স্ক্রিপ্টেড বা সাজানো দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘chalte_phirte098’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৩ ডিসেম্বর প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়।
ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে, এটি আরাভ মাভি নামের একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের অ্যাকাউন্ট। তিনি নিয়মিতভাবে সমসাময়িক গল্পের ওপর ভিত্তি করে বিভিন্ন নাট্যধর্মী কনটেন্ট তৈরি ও প্রচার করেন।
গত ১৬ ডিসেম্বর একই প্রোফাইল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ওই কনটেন্ট ক্রিয়েটর জানান, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং এটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে।
তিনি মূলত অনুসরণকারীদের দেওয়া বিভিন্ন গল্পের ওপর ভিত্তি করে এ ধরনের বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে থাকেন।
সুতরাং, একটি অভিনীত বা সাজানো ভিডিওকে বিয়ের দুই ঘণ্টা আগে প্রেমিকের সাথে তরুণীর সাক্ষাতের বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদীত।