প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম (ভিজিট : ২৪৮)

X
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দীর্ঘ ১৭ বছর ধরে চলমান শিক্ষার্থী নির্যাতন এবং জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র ও এলামনাইদের ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনার বিচার নিশ্চিতের দাবিতে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুটেক্স ক্যাম্পাসে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বুটেক্স এন্টি টর্চার মুভমেন্ট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র ও সাবেক বুটেক্স ডিবেট ক্লাবের সভাপতি সাকিব বিন আতিক বলেন, জ্ঞান, নৈতিকতা ও প্রগতিশীলতার প্রতীক হওয়ার কথা যে বিশ্ববিদ্যালয়ের, সেই বুটেক্সে বছরের পর বছর ধরে সহিংসতা, নিপীড়ন ও বিচারহীনতার ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছে। প্রশাসনিক নীরবতা ও রাজনৈতিক আশ্রয়ের কারণে এই সংস্কৃতি আরও ভয়ংকর রূপ ধারণ করেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি বুটেক্সে ছাত্র নির্যাতনের ঘটনায় তদন্ত ও শাস্তি নিশ্চিতে ৭ দফা দাবি পেশ করেন।
বক্তারা জানান, গত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বুটেক্স ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ছাত্রদের ওপর হামলা চালানো হয়। এতে একাধিক শিক্ষার্থী ও এলামনাই গুরুতর আহত হন এবং অনেকেই পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নেন।