প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম (ভিজিট : ৪২৫)

X
বছরের প্রথম দিন, নতুন শ্রেণি আর নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা নাচোল উপজেলার শিক্ষার্থীরা।
সরকারি নির্দেশনা মেনে ১ জানুয়ারি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের হাতে তুলে দেন ঝকঝকে নতুন পাঠ্যবই। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চাহিদা অনুযায়ী এ বছর নাচোলে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে মোট ৪৩ হাজার ২৭১ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া জানান, নাচোলে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৭৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মোট ২২ হাজার ৪৮৭ জন শিক্ষার্থীর মাঝে চাহিদামত বিনামূল্যে সরকারি বই সরবরাহ করা হয়েছে এবং শিক্ষকরা তা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।
অন্যদিকে, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বই বিতরণের তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। তিনি জানান, উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১ হাজার ৯১৪ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে, ১৬টি দাখিল মাদ্রাসার ৩ হাজার ৫২০ জন এবং ২১টি ইবতেদায়ী মাদ্রাসার ৫ হাজার ৩৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দেন প্রতিষ্ঠান প্রধানরা।
প্রতিটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের ছিল উৎসবমুখর পরিবেশ। অভিভাবক ও শিক্ষকরা জানান, বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই পাওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বহুগুণ বেড়ে যাবে এবং ঝরে পড়ার হার কমবে।