
X
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের আন্তরিক প্রচেষ্টা ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম–দোহাজারী রুটে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে লাগেজ কোচ চালু করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে লাগেজ কোচটির শুভ উদ্বোধন করা হয়। এখন থেকে নিয়মিত চট্টগ্রাম-কক্সবাজার রুটে এই কোচটি চলাচল থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য স্বল্প খরচে ও নিরাপদভাবে বাজারজাত করার ক্ষেত্রে এই লাগেজ কোচ সংযোজন একটি যুগান্তকারী উদ্যোগ। এর ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাবে, পরিবহন ব্যয় কমবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা আরও উল্লেখ করেন, স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের মতো একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং রেলভিত্তিক কৃষিপণ্য পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নের জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর শহীদুল আনোয়ার, স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দীন, স্টেশন মাস্টার ইকবাল হোসেন, এস আই সাইফুল আলম, সিটিজি ইয়ং স্টার সোসাইটির আহবায়ক জয়নুল আবেদীন কায়সার, শিক্ষক ও তরুন সংগঠক আনাস মোহাম্মদ, স্বপ্নবিলাস এর সদস্য জোবায়ের, মোহাম্মদ ফয়সাল, নাবিলা রহমান, নাসরিন সুলতানা, জামিউল আলম, আশরাফুল ইসলাম হাবিব, আরিক, আকলিমা, আরিফ, মিজান, সায়েম, শাহেদ, তানিম, আসিফ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রান্তিক কৃষকদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।