প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম (ভিজিট : ৮)

X
ফাইল ছবি
সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন এবং রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দুটি একই আদালতে বিচারাধীন ছিল এবং উভয় মামলায় একই ধরনের সাজা দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে শরিফুল ইসলাম বুলেনকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ফাঁড়ির এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানা সুমনের কাছ থেকে ভারতীয় তৈরি চেতনানাশক ইনজেকশন জব্দ করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
দুটি মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় দেন।