প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩৮ এএম (ভিজিট : ১১৫)

X
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার তিনি সতর্ক করে বলেছেন, এই ঘটনা ওই অঞ্চল ও আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে এবং এটি একটি ‘বিপজ্জনক নজির’।
গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, ভেনেজুয়েলায় সাম্প্রতিক উত্তেজনা এবং সর্বশেষ মার্কিন সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে শঙ্কিত। তিনি বলেন, ‘ভেনেজুয়েলার পরিস্থিতি যা-ই হোক না কেন, এই ঘটনাগুলো একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে।’
গুতেরেস আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। মৌলিক আইনি বিধিবিধানগুলো হয়তো মেনে চলা হয়নি বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সংকট শান্তিপূর্ণভাবে নিরসনে তিনি ভেনেজুয়েলার সব পক্ষকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপে’ বসার আহ্বান জানান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ‘বড় ধরনের’ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
ভেনেজুয়েলা কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের একাধিক রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এ ঘটনায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হামলার পর ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে নিউইয়র্কে অভিযোগ গঠন করা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরেই চাপ সৃষ্টি করছিল। তবে ভেনেজুয়েলা এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছিল।