প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম (ভিজিট : ৬২)

X
রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই ঘটনা ঘটেছে।
সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মণ্ডলের ছেলে। দুর্বৃত্তরদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা রানার বাড়িতে এসে তার ঘরের টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ করে। পরে দুর্বৃত্তরা টিন কেটে বেশ কয়েকটি গুলি করে। এসময় সোহেলের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে হত্যা মামলা করা হবে।