প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম (ভিজিট : ৫৮)

X
দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় দেওয়া বরাদ্দের অর্থ ঢাকার কেরানীগঞ্জে অনিয়মের মাধ্যমে লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের নামে কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হচ্ছে।
কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে আগানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামাপাড়ায় টুইন টাওয়ার হোটেল থেকে আলমগীরের বাড়ি পর্যন্ত সড়কে মাটি ভরাট প্রকল্পে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি তিন বছর আগেই সিসি ঢালাই করা হয়েছে। মাটি ভরাটের কাজ হয়েছিল প্রায় দুই যুগ আগে।
প্রকল্পের ঠিকাদার মো. ইমরান শেখ বলেন, এটি মাটি ভরাট নয়, বরং আংশিক সংস্কার প্রকল্প। তিনি দাবি করেন, বরাদ্দের পুরো টাকা পাননি এবং প্রাপ্ত অর্থ সংস্কার কাজে ব্যয় করেছেন। তবে সরেজমিনে গিয়ে চার লাখ টাকার কোনো দৃশ্যমান কাজের প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ী মো. জসিম বলেন, গত তিন বছরে এই রাস্তায় কোনো কাজ হয়নি। দোকানদার ওয়াদুদ মিয়া বলেন, কাজ হলে চোখে পড়ত। আমরা কিছুই দেখিনি।
একই অর্থবছরে কাবিখা কর্মসূচির আওতায় কালিন্দী ইউনিয়নের খেলার মাঠ সংস্কারে প্রায় পৌনে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। মাঠের প্রবেশপথে প্রকল্পের একটি ফলক থাকলেও মাঠে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি বলে জানান খেলোয়াড় ও স্থানীয়রা। নিয়মিত খেলোয়াড় মো. রনি বলেন, মাঠটি ঐতিহ্যবাহী হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত।
অপর খেলোয়াড় মো. সামিউল বলেন, নামমাত্র কিছু মাটি ফেলা ছাড়া আর কোনো কাজ হয়নি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান বলেন, প্রকল্প বাস্তবায়ন হয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, আমি নতুন যোগদান করেছি। অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।