প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ এএম (ভিজিট : ৭৪)

X
জামালপুরের মেলান্দহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীসহ হাজারো মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেয়।
দোয়াপূর্ব শোকসভায় মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন আপসহীন নেত্রী ও বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক সংগ্রাম, বহুদলীয় ব্যবস্থা সংরক্ষণ এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা ছিলো আপোষহীন।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ধারাবাহিক নিপীড়ন, রাজনৈতিক বৈষম্য ও রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের মুখোমুখি হলেও আপসহীন অবস্থান বজায় রেখে জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থানই তাকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একজন জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ সভাপতি তৈয়বুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলায়মান হোসেন, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক তালাত মাহমুদ, মেলান্দহ বনিক সমিতির সাবেক সভাপতি বেনজীর আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজামাল, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন।
শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামছুদ্দিন।