প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫২ এএম (ভিজিট : ৩০৭)

X
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অবিচল সাহসের নাম, আপসহীন নেতৃত্বের প্রতীক এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর–এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ফুলপুর পৌর শহরের হাজী কমিউনিটি সেন্টারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও পৌর কাউন্সিলরদের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোতাহার হোসেন তালুকদার বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে তিনবার দেশের প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেত্রী–এই দীর্ঘ রাজনৈতিক পথচলায় বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার কাছে মাথা নত করেননি। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার রক্ষায় তিনি কারাবরণ করেছেন, শারীরিক অসুস্থতা সহ্য করেছেন, সহ্য করেছেন নির্মম নির্যাতন–তবুও আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া না থাকলে এ দেশের গণতন্ত্র আজ অনেক আগেই নিঃশেষ হয়ে যেত। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান জাতিকে দেখিয়েছে কীভাবে মাথা উঁচু করে লড়াই করতে হয়।” তার সংগ্রাম ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে থাকবে অম্লান প্রেরণার বাতিঘর।
শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ আমরা গভীর শোকে আচ্ছন্ন হলেও হতাশ হওয়ার সুযোগ নেই। বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া গণতান্ত্রিক সংগ্রামকে সফল পরিণতিতে পৌঁছাতে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে বিজয়ের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির হাতে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আমিনুল হক, সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।