
বান্দরবানে কৃত্রিম সংকট সৃষ্টি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চড়া দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘ কয়েকদিন ধরে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৬জানুয়ারি) অভিযানকালে শহরের নুর জাহান এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে গুদামের ভেতরে গোপনে মজুত রাখা ১৬টি পিচ গ্যাস সিলিন্ডার উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. তোস্তাকের ছোট ভাই মোস্তাফিজুর রহমান (৩৮) এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০হাজার টাকা জরিমানাসহ মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো: খালেদ ভূঁইয়া। অভিযান কালে সাংবাদিকদের তিনি জানান , কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির মাধ্যমে সাধারণ ভোক্তাদের জিম্মি করার চেষ্টা করছিল অসাধু ব্যবসায়ীরা। গোপনে মজুত রেখে সংকট তৈরির তথ্য পেয়ে আজ অভিযানে নেমে সত্যতা পেয়েছি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) শামীম আরা রিনি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে নতুন ও সৎ ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে।” তিনি আরও বলেন, বাজারে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
এদিকে, অভিযানের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।