প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম (ভিজিট : ১৩৮)

X
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তি নিশ্চিতকরণ, জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি মোকাবেলার লক্ষ্যে মহেশখালী উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) সকাল ১১টার সময় ব্রেকিং দ্য সাইলেন্স (Breaking the Silence) এনজিওর উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মহেশখালী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকায় সরাসরি আঘাত হানছে। এ পরিস্থিতিতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরাজ উদ্দীন তালুকদার, প্রজেক্ট ম্যানেজার, ব্রেকিং দ্য সাইলেন্স। তিনি বলেন, স্থানীয় সরকার ও জনগণের অংশগ্রহণ ছাড়া জলবায়ু সহনশীল উন্নয়ন সম্ভব নয়। জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও ইকোসিস্টেম পুনরুদ্ধারের মাধ্যমে ক্ষয়-ক্ষতি মোকাবেলা করা যেতে পারে।
মতবিনিময় সভায় জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় সৃষ্ট ঝুঁকি, নারীদের বিশেষ দুর্বলতা, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই ইকোসিস্টেম ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।