প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম (ভিজিট : ১০৩)

X
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি পাটের গুদাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মুকসুদপুর কলেজ রোডে, টিএনটি অফিসের সামনে এবং মুকসুদপুর ফায়ার স্টেশন থেকে মাত্র ২০০ গজ দূরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে গুদামগুলো থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে আশপাশের বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে সুনিল সাহা, নির্মল সাহা ও ইকরাম মিয়ার মালিকানাধীন পাটের গুদামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, গুদামগুলোতে সংরক্ষিত বিপুল পরিমাণ পাট ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।