প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম (ভিজিট : ৬৫)

X
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে জাহেদ (৩৭) নামে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সংবাদ সম্মেলন করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হিলাল উদ্দিন আহমদ। সাথে ছিলেন উপপরিদর্শক শাহিন আলম। এতে রাঙ্গুনিয়ার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শনিবার (১০ জানুয়ারি) দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ওসির কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আসামী জাহেদকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন।
গ্রেপ্তার মো. জাহেদ দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন নারায়ণনগর পশ্চিম সরফভাটা এলাকার মৃত আবদুস শহিদের ছেলে।
তিনি জানান, চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহেদকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, নয়টি কার্তুজ (শীসা) এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার জাহেদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাসহ বিভিন্ন থানায় মারামারি ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। ঘটনাস্থলে আরও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।