প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ১০:২৮ পিএম (ভিজিট : ১০৮)

X
সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চুরির দৃশ্য
ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে মুখোশধারী দুই ব্যক্তিকে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা গেছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কোম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের কালো রঙের। এটি ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যক্তিগত ব্যবহৃত মোটরসাইকেল। মোটরসাইকেলটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরের দিকে মুখোশ পরা দুই ব্যক্তি থানার গেটের সামনে ঘোরাফেরা করেন। একপর্যায়ে একজন থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। অন্যজন বাইরে দাঁড়িয়ে পাহারা দেন। পরে দুজন মিলে মোটরসাইকেলটি ঠেলে থানা এলাকা থেকে বের করে নিয়ে যান।
এএসআই মো. ফিরোজ বলেন, শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন। মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও চোরেরা নিয়ে গেছে।
তিনি আরও বলেন, মোটরসাইকেলে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। তবে চোরেরা থানার বাইরে একটি গলিতে নিয়ে গিয়ে সেটি খুলে ফেলায় এখন আর অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।