প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম (ভিজিট : ১১৯)

X
"জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য" প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ে ‘সচেতনতামূলক কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাঙ্গামাটির জেলা কার্যালয়ের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে।
বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ নূর উদ্দিন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ গোলাম মোস্তাফা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এতে জানানো হয়, অনিরাপদ ও দূষিত খাবারের মাধ্যমে মানবদেহে প্রায় ২৮০টিরও বেশি রোগ সংক্রামিত হতে পারে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে লিভার ও কিডনির সমস্যা।
এছাড়া শিক্ষার্থীদের বিশেষ শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয় যে, কীভাবে এসব রোগ আমাদের শরীরে বাসা বাঁধে এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
আর সুস্থ থাকার জন্য ব্যবহারিক কিছু নিয়ম শিখিয়ে দেওয়া হয়। যেমন—খাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ পানিতে ফলমূল ও শাকসবজি পরিষ্কার করা, পোড়া তেল ও ছাপানো কাগজের ব্যবহার বর্জন এবং সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণ করা ইত্যাদি।