
চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নির্দেশে অবৈধভাবে উত্তোলিত ২ হাজার ১শ ঘনফুট জব্দকৃত বালু প্রাকৃতিক ছড়ায় মিশিয়ে দিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পুঁইছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আদেশে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তারা এসব বালু মিশিয়ে দেন।
এ সময় জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা ও বন মামলা পরিচালক মো. ইসরাঈল হক, পুইছড়ি বন বিট কর্মকর্তা কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ফরেস্ট রেঞ্জারসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাঁশখালী ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা ও বন মামলা পরিচালক মো. ইসরাঈল হক বলেন, আদালতের নির্দেশে জলদি অভয়ারণ্যে রেঞ্জের পুঁইছড়ি বিটে জব্দকৃত ২ হাজার ১শ ঘনফুট বালু প্রাকৃতিক ছড়ায় মিশিয়ে দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের ফলে বনাঞ্চল, প্রাকৃতিক ছড়া ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষে থেকে জিরো টলারেন্স নীতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।