প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম (ভিজিট : ১৩৩)

X
বিএনপির সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিএনপির মনোনয়ন না পেলে দল থেকে পদত্যাগ করে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।
বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে হাসান মামুন লেখেন, “আলহামদুলিল্লাহ—২০২৪ সালের অক্টোবরেই আমি বিএনপির (তৎকালীন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়কে বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছি। যদি দলীয় মনোনয়ন না পাই, তবে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করব। প্রয়োজনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বহিষ্কার করা হলেও আমি তা মেনে নেব।”
তিনি আরও উল্লেখ করেন, দলের যেকোনো সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তবে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন না।
হাসান মামুনের এই ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ও ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের মধ্যকার এই টানাপোড়েন ভবিষ্যতে কী প্রভাব ফেলবে—তা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে ছাড় দেওয়ায় বিএনপির পক্ষ থেকে সেখানে কোনো প্রার্থী দেওয়া হয়নি।