প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম (ভিজিট : ১১৪)

X
ইরানের ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজই কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এরফানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বিচারে তাকে কোনো আইনজীবীর সহায়তা দেওয়া হয়নি এবং পুনর্বিচারের সুযোগও ছিল না।
বিশেষজ্ঞরা বলছেন, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এ ধরনের তড়িঘড়ি মৃত্যুদণ্ড এবং তথাকথিত বিচার নতুন কিছু নয়। এর আগে একাধিক ক্ষেত্রে এমন অভিযোগ উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এমন হলে যুক্তরাষ্ট্র ‘কঠোর পদক্ষেপ’নেবে।
পরিবারের ওই সদস্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের জনগণ তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে রাস্তায় নেমেছিল। আমাদের দাবি হলো ট্রাম্প যেন তার কথার পাশে সত্যিই দাঁড়ান। নিরস্ত্র মানুষ তার বক্তব্যে বিশ্বাস করে আন্দোলনে নেমেছে, আর এখন তারা গুলির মুখে।
তিনি বলেন, আমি অনুরোধ করছি, দয়া করে এরফানকে মৃত্যুদণ্ড কার্যকর হতে দেবেন না।
এরফানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারাজের ফারদিস এলাকায়। গত বৃহস্পতিবার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে ওই এলাকায় তীব্র বিক্ষোভ চলছিল।
হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংবাদমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর গত রোববার এরফানের পরিবারের সদস্যদের জানানো হয় যে তার বিচার শেষ হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ দণ্ড কার্যকর করার কথা রয়েছে।
ভারতভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ান এরফানের এক স্বজনের বরাতে জানিয়েছে, দণ্ড ঘোষণার পর পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার দেখা করার জন্য এরফানকে মাত্র ১০ মিনিট সময়।
প্রসঙ্গত, ২০২২ সালের পর বর্তমানে ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। মূল্যস্ফীতি ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে দেশের বড় অংশে ছড়িয়ে পড়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে।