প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ৬:১৯ পিএম (ভিজিট : ৮৯)

X
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে মারধরের সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫)। তিনি চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে। তিনি বড়নগর সড়কের পৌরসভা সংলগ্ন এলাকায় অবস্থিত ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’-এর মালিক ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তাঁর স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং ছেলে মাসুম মিয়া (২৮)।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
সে সময় মাসুমের বাবা মোহাম্মদ স্বপন মিয়া ও মা মাজেদা খাতুন ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
একপর্যায়ে বেলচা দিয়ে কালি ঘোষের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর আশপাশের লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই জড়িত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।