প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ৭:২৭ পিএম (ভিজিট : ৮৮৫)

X
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে মঙ্গলবার রাজনগর উপজেলায় দিনভর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের চাপে প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।
১০ দলীয় ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বিলালকে সমর্থন দেওয়ার ঘোষণা থাকলেও জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়ন প্রত্যাহার নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দেয়।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সকাল ৮টা থেকেই রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকায় আব্দুল মান্নানের নিজ বাড়িতে জড়ো হন জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা। তারা প্রার্থিতা প্রত্যাহার ঠেকাতে তার বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেন। ফলে সারাদিন তিনি ঘর থেকে বের হতে না পারায় নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর আনুমানিক ২টার দিকে ঘটনাস্থলে যান মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী। তবে উপস্থিত জনতার তীব্র আপত্তির মুখে তিনি ফিরে যেতে বাধ্য হন। পরে জেলা পর্যায়ের একাধিক নেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এ সময় তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতেও দেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, ১০ দলীয় ঐক্যের পক্ষ থেকে যদি জামায়াত প্রার্থীকে এই আসনে চূড়ান্তভাবে প্রার্থী না করা হয়, তবে আসনটি সব দলের প্রার্থীর জন্য উন্মুক্ত রাখা উচিত।
নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত ছিল। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রব, মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী লুৎফুর রহমান কামালী এবং মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী লোকমান আহমদ তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন।