প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:২২ এএম (ভিজিট : ৮৪)

X
সম্প্রতি রাশিয়ার আকাশে একসঙ্গে ‘দুটি সূর্য’ দেখা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম বিস্ময়ের সৃষ্টি হয়েছে। অদ্ভুত এই দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে পড়েন এবং মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যেই ভিডিও ও ছবিগুলো ভাইরাল হয়ে যায়।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়। বরং এটি একটি বিরল প্রাকৃতিক আলোক-প্রভাব, যার নাম ‘সান ডগ’।
বিশেষজ্ঞদের মতে, সান ডগ একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। একে কখনও কখনও ‘মক সান’ বা ‘পারহেলিয়া’ নামেও ডাকা হয়। সাধারণত সূর্যের ডান বা বাম পাশে, আবার কখনও উভয় পাশেই উজ্জ্বল আলোর প্যাচ হিসেবে এই দৃশ্য দেখা যায়, যা দূর থেকে আলাদা সূর্যের মতো মনে হয়।
‘পারহেলিয়া’ শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘সূর্যের সঙ্গে’। বিজ্ঞানীদের মতে, নামটি এই প্রাকৃতিক বিভ্রমের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয়েছে, ওই অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বায়ুমণ্ডলের উঁচু স্তরে সূক্ষ্ম বরফের স্ফটিক তৈরি হয়। এসব বরফের স্ফটিক সূর্যের আলোকে প্রতিফলিত ও প্রতিসরিত করে একাধিক সূর্যের মতো দৃশ্য তৈরি করে। বাস্তবে আকাশে সূর্য ছিল মাত্র একটিই।
রাশিয়ার জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সান ডগ আলোক প্রভাবের একটি বৃহৎ পরিবারের অংশ। এই পরিবারের মধ্যে সূর্যের প্রভা ও চাঁদের প্রভা বা লুনার হ্যালো-এর মতো ঘটনাও অন্তর্ভুক্ত। বায়ুমণ্ডলের বরফের স্ফটিকের সঙ্গে সূর্যের আলোর মিথস্ক্রিয়ার ফলেই এমন দৃশ্য দেখা যায়।
আবহাওয়াবিদদের মতে, ঘটনাটি বিরল হলেও শীতপ্রধান অঞ্চলে এ ধরনের প্রাকৃতিক দৃশ্য মাঝে মাঝে দেখা যেতে পারে।