
X
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, বিএনপি কখনো কারও বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমার জন্মের পর থেকে আমি দেখেছি, আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা ভিন্নমতাবলম্বীদের জেলে পাঠাননি কিংবা নির্যাতন করেননি। বিএনপির রাজনীতি সবসময় সহনশীলতা ও গণতন্ত্রে বিশ্বাসী।”
তিনি আরও বলেন, “আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে আপনাদের পাশে থাকতে চাই। আমার বাবার মৃত্যুর পরও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখানে সবাই নিরাপদ সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ। সালথা ও নগরকান্দার মসজিদ-মাদ্রাসার সমস্যা সমাধানে আমার বাবা সবসময় আলেমদের পাশে ছিলেন।”
তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করলে প্রতিটি মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকারি ভাতা পাবেন। অন্য কোনো সরকারের সময় এমন উদ্যোগ নেওয়া হয়নি।”
শামা ওবায়েদ সালথাবাসীকে সতর্ক করে বলেন, “আমাদের এলাকায় দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মা-বোন ও শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আগামী ১২ তারিখে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিন।”
মো. কাওছার মাতুব্বরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আজিজুর রহমান লিটনের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. ছরোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট লাভলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ এবং ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।