
X
নোয়াখালীর চাটখিলে ধর্মীয় পোশাককে অবমাননা, কর্মীদের বিভিন্ন জায়গায় হামলা ও মিথ্যাচারের প্রতিবাদে জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসেন।
এ সময় তিনি দাবি করেন, সাম্প্রতিক একটি আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে চাটখিল উপজেলা বিএনপি কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।
সংবাদ সম্মেলনে বলা হয়, চাটখিল উপজেলায় জামায়াতে ইসলামী বা এর কোনো অঙ্গসংগঠনের নেতা-কর্মী ভোটার আইডি কার্ড সংগ্রহ, বোরকা পরিহিত হয়ে গোপনে বাড়িতে প্রবেশ কিংবা অস্ত্র বা বুলেট সংক্রান্ত কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। বিএনপির সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নেতারা অভিযোগ করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আরশাদ উল্যা নাঈম বুলেটসহ আটক হওয়ার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের দায় এড়ানোর উদ্দেশ্যে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে জামায়াতকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের অভিযানে উদ্ধারকৃত কোনো বিষয়েই জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিএনপি বারবার “বোরকা পরিহিত মহিলার” গল্প সাজিয়ে জামায়াতকে অভিযুক্ত করার চেষ্টা করছে। যা দায়িত্বজ্ঞানহীন ও অশোভন রাজনৈতিক আচরণের পরিচায়ক।
বোরকা মুসলিম নারীদের ধর্মীয় পোশাক উল্লেখ করে নেতারা বলেন, এই পোশাককে অপরাধের সঙ্গে যুক্ত করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এসময় তিনি আরো জানান, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী।
এ সময় ২০২৫ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত চাটখিল উপজেলার নোয়াখলা, খিলপাড়া, রামনারায়ণপুর ইউনিয়ন ও চাটখিল পৌরসভার বিভিন্ন এলাকায় একাধিক বাধা, হামলা ও গালাগালির ঘটনার বিবরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলন শেষে প্রশাসনের প্রতি মিথ্যা প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয় এবং গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সেক্রেটারি সাংবাদিক মোঃ নূর হোসাইন রিয়াজ, পৌরসভা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. তাওহীদুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।