প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ এএম আপডেট: ০২.০২.২০২৬ ১০:৩৯ এএম (ভিজিট : ৬৪)

X
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনতার ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি যশোরে আরেকটি জনসভায় যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে তার নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা মহানগর প্রশাসন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাত থেকেই খালিশপুর এলাকার বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।
আজ ভোর থেকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
প্রভাতী স্কুল মাঠে নির্মিত মঞ্চের নিরাপত্তায় রাতভর নেতাকর্মীরা অবস্থান করেন। সাতক্ষীরা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার আশায় মাঠে অবস্থান নিয়েছেন। মাঠের এক পাশে পুরুষদের এবং অন্য পাশে নারীদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
বিএনপি খুলনা মহানগর মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন জানান, জনসভাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। তিনি বলেন, “দুপুর ১২টার মধ্যে তারেক রহমান জনসভাস্থলে পৌঁছাবেন।”