শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান ড. আসিফ নজরুলের

নওশের আলম সুমন, আরব আমিরাত

আন্তর্জাতিক

শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে আবুধাবী ডায়ালগকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসনের জন্য একটি

2026-02-02T16:06:57+00:00
2026-02-02T16:06:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান ড. আসিফ নজরুলের
নওশের আলম সুমন, আরব আমিরাত
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ২১৬)
X

শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে আবুধাবী ডায়ালগকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসনের জন্য একটি বিশ্বস্ত ও কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আবুধাবী ডায়ালগ–২০২৬ (Abu Dhabi Dialogue–ADD) সম্মেলনের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। গতকাল ১ ফেব্রুয়ারি (রবিবার) তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেন।

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ এবং প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গন্তব্য দেশগুলোর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে এখনও কিছু শ্রমিক শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশের যৌথ উদ্যোগ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমেই কার্যকরভাবে সমাধান করা সম্ভব। এ প্রেক্ষাপটে তিনি নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং অভিবাসী শ্রমিকদের মানবিক মর্যাদা রক্ষায় অংশীদার দেশগুলোর যৌথ প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে তিনি সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সার্ভিস জোরদার, আন্তর্জাতিক মানে দক্ষতা প্রশিক্ষণ উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ। এসব উদ্যোগের মাধ্যমে শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও শ্রমিকবান্ধব করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনের ফাঁকে ড. আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুলমান্নান আল আওয়ারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিতকরণ নীতির কারণে বাংলাদেশ থেকে শ্রমিক প্রবাহ কমে আসা এবং আমিরাতে অবস্থানরত প্রবাসীদের ভিসাজনিত নানা সমস্যার কথা তুলে ধরে তিনি এসব জটিলতা নিরসনে মানবসম্পদ মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বিশেষ করে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসা সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য তিনি বিশেষ অনুরোধ জানান।

এর আগে ৩১ জানুয়ারি ড. আসিফ নজরুল পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ, অভিবাসী কল্যাণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটি-তে আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা উদ্বোধন করা হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে প্রথমবারের মতো ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হন। 

বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক নিয়োগ, অভিবাসী সুরক্ষা, দক্ষতার স্বীকৃতি এবং গন্তব্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে প্রবাসী কর্মীদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। আবুধাবী ডায়ালগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ প্রবাসী কর্মীদের সুরক্ষা, ক্ষমতায়ন ও ন্যায্য সুযোগ নিশ্চিতকরণে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy