নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সকল সরকারি দপ্তরের কর্মচারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ আব্বাসী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, ঐক্য পরিষদের নেতা মো. শাহ আলম, দ্বীন মো. সালাউদ্দিন, শেখ সেলিম, হিমাংশু ঘোষ, রাইদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আমরা প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছি। অথচ আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়ে সরকার টালবাহানা করছে। এর আগেও সরকার আশ্বাস দিলেও কোনো বেতন কাঠামো বৃদ্ধি করা হয়নি।
তারা আরও বলেন, গত ১০ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ একই সময়ে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। আট থেকে দশ হাজার টাকার বেতনে একজন কর্মচারীর জীবনযাপন কতটা কষ্টকর তা বিবেচনায় নেওয়ার দাবি জানান বক্তারা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা না করা হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি ও আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় আগামীকাল সকাল ৯টা থেকে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচিতে সকল কর্মচারীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।