প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম (ভিজিট : ৬৮)

X
শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ‘এহসার’ সদস্য আহসান জহীর খানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার আহসান জহীর খান নব্য জেএমবি’র একজন সক্রিয় সদস্য। তিনি এবং তার পলাতক সহযোগীরা সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে ওই স্থানে সমবেত হয়েছিলেন।
তদন্তকারীরা জানান, গ্রেফতার ব্যক্তি ও তার সহযোগীরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছদ্মনামে গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন। এসব অ্যাপসের মাধ্যমে তারা উগ্রবাদী লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
আহসান জহীর খানের বিরুদ্ধে আগে থেকেই ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। শেরেবাংলা নগর থানায় নতুন করে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।