প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম (ভিজিট : ১০৬)

X
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, নির্বাচিত হলে তিনি গফরগাঁওকে একটি মানবিক, আধুনিক ও সন্ত্রাসমুক্ত জনপদে রূপান্তর করবেন।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গফরগাঁও ও পাগলা থানা এলাকার মানুষ অবহেলিত অবস্থায় রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে তিনি স্বাস্থ্য, শিল্পায়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও ও পাগলা থানার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এতে করে স্থানীয় জনগণকে চিকিৎসার জন্য আর ঢাকাসহ অন্য জেলায় ছুটতে হবে না।
তিনি আরও জানান, গফরগাঁওকে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। শিল্পায়নের মাধ্যমে স্থানীয় যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, গফরগাঁওকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত জনপদে পরিণত করা হবে। এজন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে এলাকাবাসীকে সম্পৃক্ত করে কাজ করা হবে। এ লক্ষ্যে মাদকাসক্তদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আল্লাহ যদি তাকে এই এলাকার সেবক হিসেবে কবুল করেন, তাহলে তিনি সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য গফরগাঁও ও পাগলা থানাবাসীর প্রতি বিনীত আহ্বান জানান।