প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৭ পিএম (ভিজিট : ৫৬৫)

X
মুকসুদপুর উপজেলায় ই-মিউটেশন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। একসময় গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে নিয়মিতভাবে ৪র্থ বা ৫ম অবস্থানে থাকলেও বর্তমানে মুকসুদপুর উপজেলা ই-মিউটেশন সেবায় জেলার ১ম অবস্থানে উঠে এসেছে।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও নিরলস পরিশ্রম।
তিনি বলেন, আমি মুকসুদপুর উপজেলায় যোগদানের পর থেকে লক্ষ্য করেছি, ই-মিউটেশন সাইটে আমাদের অবস্থান সবসময় গোপালগঞ্জ জেলার ৪ বা ৫ নম্বরে ছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবার গতি বাড়ানো, ফাইল জট কমানো এবং নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেই। জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং আমার উপজেলা ভূমি পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা জেলার মধ্যে ১ম অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, এই অর্জন ধরে রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি উপজেলাবাসীর কাছে ভূমি সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এসিল্যান্ড জানান, তিনি এর আগেও দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনকালে ই-মিউটেশন কার্যক্রমে জাতীয় পর্যায়ে একাধিকবার প্রথম স্থান অর্জন করেছেন।
“ভোলার তজুমদ্দিন উপজেলা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে পুরো বাংলাদেশের মধ্যে ই-মিউটেশন সাইটে ১ম অবস্থানে ছিলাম। সেই অভিজ্ঞতা মুকসুদপুরে কাজে লাগাতে পেরেছি।”
ভূমি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে এক দিনের মধ্যেই নামজারি (ই-মিউটেশন) সম্পন্ন করা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নামজারির মোট ফি ১,১৭০ টাকা, এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হচ্ছে না।