
X
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে এই সমাবেশে দেওয়া হয় প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এই সমাবেশে জেলার সব উপজেলার প্রায় ৯ হাজার আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। সমাবেশে ভোটারদের সহায়তা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সদস্যদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনী ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করবে। জনগণ যেমন নিরাপদ ভোটকেন্দ্র প্রত্যাশা করে, আনসার বাহিনী তেমন নিরাপদ ভোটকেন্দ্র উপহার দেবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের খাবার নিয়ে কোনো ধরনের ভোগান্তি হবে না। নিজ নিজ ভোটকেন্দ্রেই সদস্যদের জন্য খাবার পৌঁছে দেওয়া হবে।
চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের ৭০৪টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। তারা নির্বাচনের আগে থেকে শুরু করে ভোটগ্রহণের দিন পর্যন্ত ৮ দিন দায়িত্ব পালন করবে। জেলার মোট কেন্দ্রের মধ্যে ৫৬৪টি কেন্দ্রের প্রতিটিতে ৩ জন করে অস্ত্রধারী ও ১৪২টি কেন্দ্রের প্রতিটি করে ২ জন অস্ত্রধারী আনসার নিয়োজিত থাকবে।
সমাবেশে জানানো হয়, প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রধারী, ৪ জন নারী সদস্যসহ অন্যান্যরা শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কাজ করবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ২ জন সদস্য মোবাইল ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করবেন এবং প্রতি ঘণ্টায় জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে কেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান করবেন।
চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট ফজলে রাব্বির সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এছাড়াও অনুষ্ঠানে আনসার ও ভিডিপির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উপজেলার প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের আগে এমন প্রস্তুতিমূলক সমাবেশ চাঁদপুরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।