লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাথরুমের সেফটিক ট্যাংক থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।
পুলিশ জানায়, শিশুটি গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় একই বাড়ির তোফায়েল আহাম্মেদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তার (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন অভিযোগ করেছেন, ঘটনার দিন শিশুটি প্রতিবেশি তোফায়েল আহাম্মেদের ঘরে ঢোকে এবং এরপর আর ফিরে আসেনি। তার সঙ্গে তোফায়েলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি সন্দেহ করছেন, এই বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং লাশ গুম করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, শিশুর মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।