
ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘরে থেকে রাহিমা নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহিমা (৩৫) ওই এলাকার বিল্লালের লেপ-তোষক ব্যবসায়ী বিল্লালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় রাহিমা রাত আনুমানিক ৮টার দিকে ছেলে রাহাত (৭) ও মেয়ে সুমাইয়া(১৫) কে রাতের খাবার খাওয়ানোর পর পাশের কক্ষে শুইয়ে দেন। স্বামী বাড়ী ফেরার অপেক্ষায় নিহত রহিমা দরজা লক না করে নিজ কক্ষে শুয়ে পড়েন।
আনুমানিক রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ সরানোর চেষ্টা করা হয়। এ সময় বারান্দায় সেলাই মেশিনে ধাক্কা লাগলে শব্দ হয়। শব্দ শুনে নিহতের মেয়ে বাইরে এসে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।
চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গলা কাটা অবস্থায় নিহতের মরদেহ দেখতে পান এবং পরে তার স্বামীকে ফোনে জানানো হলে তিনি দ্রুত বাড়িতে ছুটে আসেন।
এব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।