প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম (ভিজিট : ২৭৫)

X
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শহীদ জুলাই যোদ্ধা সোহাগ মিয়ার পরিবারের জন্য বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলার বড়খাপন ইউনিয়নের বরখাপন গ্রামে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
বাংলাদেশ সরকার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার হিসেবে শহীদ যোদ্ধার পরিবারকে এই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহমুদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও মাসুদুর রহমান বলেন, শহীদ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের পরিবারকে সম্মান ও সহযোগিতা করা রাষ্ট্রের দায়িত্ব।