
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিজিবি হেলিপ্যাড থেকে এসব নির্বাচন সামগ্রী ও সংশ্লিষ্টদের গন্তব্যে পাঠানো হয়।
দুর্গম এসব ভোটকেন্দ্র হলো- বড় মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিন্দু মুখ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
হেলিকপ্টারে নির্বাচন সামগ্রী পাঠানোর সময় উপস্থিত ছিলেন বিজিবি ৩৮ ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজসহ অন্যান্যরা।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।