প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম (ভিজিট : ১৬২)

X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামীদের সমর্থনে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মুকসুদপুর উপজেলা সদরে এ গণমিছিলের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড হাতে মিছিলসহকারে নির্ধারিত স্থানে জড়ো হন। পরে গণমিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামীদ। তিনি বলেন, “দুর্নীতি, সন্ত্রাস ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা রাজনীতি করছি।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জ–১ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি আমার অগ্রাধিকার। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।”
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন এবং নির্বাচনের দিন পর্যন্ত প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।