প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম (ভিজিট : ৬৩)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বেনাপোল–পেট্রাপোল আন্ত-র্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে।
বন্দরটি চালুর পর গত ৭৮ বছরে এই প্রথমবারের মতো পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধের ঘোষণা এলো।
যদিও বিভিন্ন সময়ে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে কখনোই পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ ছিল না। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ১৯৪৭ সাল থেকে এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সময়েই এ চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়নি। ঝড়-বৃষ্টি কিংবা করোনার মতো মহামারির সময়ও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
সংশ্লিষ্ট মহলের ধারণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নিয়েছে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল–পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল শুরু হবে।
এদিকে, নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা তিন দিন বন্ধ থাকবে। বন্দর সূত্রে জানা যায়, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।
বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রমে সম্পৃক্ত সি অ্যান্ড এফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় গেছেন। এ কারণে তিন দিন এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, দেশের নির্বাচন উপলক্ষে আগামী তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বুধবার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।