প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম (ভিজিট : ৩৯)

X
প্রতীকী ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বগুড়ায় নেওয়া হয়েছে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা।
জেলার নির্বাচনী ইতিহাসে এই প্রথমবারের মতো ৯৮৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এর মধ্যে ১৯০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটারদের যাতায়াত, কেন্দ্রের প্রবেশপথ এবং ভোটকক্ষের পরিবেশ—কেন্দ্রের ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে সিসি ক্যামেরা। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বুকে সংযুক্ত করা হয়েছে ‘বডি অন ক্যামেরা’। ফলে মাঠে পুলিশের কার্যক্রমও রেকর্ড হবে।
ভোটকেন্দ্র থেকে ধারণ করা ভিডিও ফুটেজ তাৎক্ষণিকভাবে বগুড়া সদরের মনিটরিং সেন্টারে পৌঁছাবে বলে জানিয়েছে প্রশাসন। সেখান থেকেই সার্বিকভাবে পর্যবেক্ষণ করা হবে পুরো জেলার ভোট পরিস্থিতি।
নির্বাচন সংশ্লিষ্টদের মতে, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ফলে ভোটারদের আস্থা বাড়বে এবং অনিয়ম বা বিশৃঙ্খলার ঝুঁকি কমবে। ভোটারদের মাঝেও এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, ক্যামেরা নজরদারির কারণে ভোটকেন্দ্রে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।